নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতা কাটিয়ে উঠতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান যাচাই, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় মূলধন জোগান, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করতে এ বক্তব্য দেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠাই সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদের গুণগত মান পর্যালোচনা (এ-কিউ-আর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মানের অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এ পর্যালোচনার ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত প্রতিফলন। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র নিরূপণ ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয়।
সংকটে থাকা ব্যাংকগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, সাময়িক তারল্য সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চলছে। পাশাপাশি সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব পদক্ষেপের উদ্দেশ্য ব্যাংকের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো এবং আমানতকারী ও সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।
এ ছাড়া দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় মূলধন জোগান, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় নেওয়া জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, আগামী চার বছরে সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে উঠবে। এতে আর্থিক খাতের প্রতি জনআস্থা বাড়ার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
একই সঙ্গে কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।