নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন শফিকুল আলম।
তিনি লিখেছেন, অনেকে প্রশ্ন করেন সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।
শফিকুল আলম বলেন, দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ আরও বহু মানুষের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগ করেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করেছে। এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ- এটা সত্য। অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে- এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।
তিনি বলেন, পাঁচজনের মৃত্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাহলে কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? এ ছাড়া তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না। এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে।