নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে রাতভর উত্তপ্ত ছিল নগরের জাদুঘর মোড়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, দেশীয় অস্ত্রের মহড়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বিচার দাবি করেন।
সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
অভিযোগের বিষয়ে সাফায়েত হোসেন মান্নার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।