নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে

বগুড়ার মোকামতলা উপজেলায় ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিজা খাতুন একজন প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি উপজেলা শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তার কোনো সন্তান ছিল না। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।
জানা গেছে, সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ঘরের ভেতরে ঢোকে। মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা নজরে এলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রতিবেশীরা। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মোকামতলা পুলিশ (তদন্ত) আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।আলমাস আলী আরও জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।