নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে

মেহেরপুর সীমান্তে মাত্র তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি মালামাল আটক করে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি। এছাড়া ৯৩৪ বোতল বিদেশি মদ, ৯৪০ বোতল ফেনসিডিল, ১১২ কেজি ৬০৮ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩২ হাজার ১৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে। একই অভিযানে ৯ হাজার ২৫০ কেজি সারসহ অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।
সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।
এদিকে, বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযানে গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যশোর বিজিবি রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন ১৫৯ জন আসামিসহ ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে। আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।
বিজিবি আরও জানায়, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সাতটি ব্যাটালিয়ন পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।